বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছিলেন তিনি।
গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও ভেঙে ফেলা হয়।
ওই ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

