ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলায় অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে দেয়ার জোরালো দাবি জানাবে বাংলাদেশ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর এই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এই আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলোর আভাস অনুযায়ী, বাংলাদেশের পক্ষ থেকে অক্টোবরের শেষদিকে এ বৈঠকের প্রস্তাব করা হলেও দুর্গাপূজার কারণে ভারত নভেম্বরের শুরুতে বৈঠকটি আয়োজনের ইচ্ছা প্রকাশ করে।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকা একটি কূটনৈতিক নোট দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল এবং পরবর্তীতে ট্রাইব্যুনালের রায়ের পর আবারও একই অনুরোধ জানানো হয়।
সূত্র আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে মহাপরিচালক পর্যায়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই সংলাপে আলোচিত এই প্রত্যর্পণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উত্থাপন করা হবে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
কালের সমাজ/এসআর

