সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং আব্দুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা।
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য মনে করে বাংলাদেশ। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। পাশাপাশি উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করে।
এতে আরও বলা হয়, সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে। সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।
পরিস্থিতির আরও অবনতি রোধে এ ধরনের বৈরী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।
কালের সমাজ/কে.পি

