এলএসটিডি প্রকল্পের উদ্যোগ ও অর্থায়নে চট্টগ্রামে প্রথমবারের মতো আমন ধানের একটি ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। জেলার হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের তত্ত্বাবধানে আমন মৌসুম উপযোগী ৫২টি ধানের জাত নিয়ে এই প্রদর্শনী গড়ে তোলা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে এ ধরনের উদ্যোগ এই প্রথম, যা কৃষি গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলার এলএসটিডি প্রকল্পের ১৫টি প্রযুক্তি গ্রামে একই ধরনের রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে। কৃষকদের কাছে উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি সহজে পৌঁছে দেওয়া, মাঠ পর্যায়ে বিভিন্ন জাত সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করা এবং উন্নত ধান চাষে উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য।
রাইস গার্ডেনে আমন মৌসুমের জন্য ব্রি উদ্ভাবিত প্রায় ৫২টি জাত একই মাঠে পাশাপাশি রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল ব্রি ধান১০৩; স্বল্প জীবনকাল বিশিষ্ট ব্রি ধান৪৩ ও ব্রি ধান৫৭; সুগন্ধিযুক্ত ব্রি ধান৩৪; বন্যা সহনশীল ব্রি ধান১১০; লবণাক্ততা সহনশীল ব্রি ধান৫৩ ও ব্রি ধান৫৪; খরা সহিষ্ণু ব্রি ধান৫৬ ও ব্রি ধান৫৭-সহ বিভিন্ন হাইব্রিড জাত। একই মাঠে এসব জাত পাশাপাশি থাকায় গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা এবং সম্ভাব্য ফলনের পার্থক্য সহজেই পর্যবেক্ষণ করতে পারছেন কৃষকরা। এতে নিজ নিজ এলাকার আবহাওয়া ও মাটির উপযোগী জাত বেছে নিতে তাদের সুবিধা হচ্ছে।
এই ব্যতিক্রমী প্রদর্শনী স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই অনেক কৃষক, শিক্ষার্থী ও আগ্রহী মানুষ রাইস গার্ডেন ঘুরে বিভিন্ন জাতের ধান দেখছেন ও তথ্য নিচ্ছেন।
স্থানীয় কৃষক মো. রফিকুল ইব্রাহিম বলেন, “এ ধরনের রাইস গার্ডেন আগে কখনো দেখা যায়নি। একসাথে এতগুলো জাত দেখে বাস্তব ধারণা পাওয়া যাচ্ছে, যা ভবিষ্যতে উপযোগী জাত নির্বাচন করতে সহায়তা করবে।”
ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. আমিনা খাতুন জানান, এই রাইস গার্ডেনের মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে উন্নত ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ সম্প্রসারণ সহজ হবে। এর ফলে ধান উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, রাইস গার্ডেন মূলত একটি জীবন্ত গবেষণা ক্ষেত্র, যেখানে একসাথে বহু জাতের ধান পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা যায়। আমন মৌসুমে চাষাবাদের উপযোগী ব্রি অবমুক্ত ৫২টি জাতের সবকটিই হাটহাজারীর চারিয়া প্রযুক্তি গ্রামে প্রদর্শন করা হয়েছে। ফলন, জীবনকাল, গাছের উচ্চতা, চালের গুণাগুণ ও বাজারমূল্য বিশ্লেষণ করে নির্দিষ্ট এলাকার জন্য সবচেয়ে উপযোগী জাত নির্বাচন করা সম্ভব হবে, যা ভবিষ্যতে গবেষণা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাইস গার্ডেন কৃষকদের জন্য একটি কার্যকর প্রদর্শনী ও শিক্ষণীয় ক্ষেত্র হিসেবে কাজ করছে। মাঠ পর্যায়ে গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে এ উদ্যোগ টেকসই কৃষি উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখবে।
কালের সমাজ/কে.পি

