ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

অর্থনীতি সচল করাই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:৩৭ পিএম অর্থনীতি সচল করাই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে গতিশীল করাকেই আগামী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আগামী সরকারের সামনে প্রধান দায়িত্ব হবে অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, দুর্নীতির লাগাম টানা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।


নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই বিজয়ের মধ্যে যেমন আনন্দ আছে, তেমনি রয়েছে বেদনার দিকও। দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ঐতিহাসিক বিজয় প্রত্যক্ষ করতে না পারা আমাদের জন্য দুঃখজনক।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনেক ত্যাগের বিনিময়ে একটি উৎসবমুখর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি গভীরভাবে অভিভূত ও মুগ্ধ। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশে গণতন্ত্রের পথ সুসংহত হবে।


আওয়ামী লীগ অংশগ্রহণ না করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক বাস্তবতার আলোকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

এরপর বিমানবন্দর থেকে তিনি গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে যান এবং দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।
 

Side banner
Link copied!