ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ, তিন দফা দাবি

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৭, ২০২৫, ১২:১৫ পিএম শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ, তিন দফা দাবি

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ ঘোষণা দেন, বুধবার সকাল ১০টা থেকে পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী বুয়েট ছাড়াও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা লংমার্চ করে শাহবাগে এসে যোগ দেন। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রার পরিকল্পনা করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১। সহকারী প্রকৌশলী বা সমমানের নবম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে নিয়োগ পরীক্ষা দিতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোটা বা অন্য কোনো নামে সমমান পদ সৃষ্টির মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না।
২। উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের ১০ম গ্রেডের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে পারবে না। এছাড়া নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে IEB-BAETE-এর আওতায় আনতে হবে।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কালের সমাজ//র.ন

Link copied!