ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১৩, ২০২৬, ০৭:২৫ পিএম মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে শুরু হতে যাচ্ছে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি। আজ ১৪ এপ্রিল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আজকের এই দিনটি মুকসুদপুরবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টা ৭ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি মুকসুদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। এই ট্রেনটির মাধ্যমেই স্টেশনটিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম (এমপি)। এ সময় তাঁর সহধর্মিনী, বিশিষ্ট লেখক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রাও উপস্থিত থাকবেন। তাঁদের আগমনকে কেন্দ্র করে এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় মুকসুদপুরবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে।

এছাড়া, এ উদ্যোগের ফলে মুকসুদপুরসহ আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান বলেন, দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে। এটি মুকসুদপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!