ফরিদপুরের নগরকান্দায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়। উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রামপুটি বাজারে কাদেরের মুদি দোকানের সামনে থেকে প্রায় ১০ গ্রাম গাঁজাসহ শহিদুল মাতুব্বর (২৫) নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় এলাকাবাসী তাকে আটক করে এবং তার কাছে গাঁজা পাওয়া যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদের নির্দেশে এসআই তারক ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যান।
পরবর্তীতে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/৫ ধারায় অভিযুক্তকে ১৫ দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, স্থানীয় জনতা প্রথমে তাকে আটক করে এবং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার সাজা নিশ্চিত করা হয়।দণ্ডপ্রাপ্ত শহিদুল মাতুব্বর উপজেলার সাদীপুর গ্রামের বাসিন্দা। সাজা কার্যকরের জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
কালের সমাজ/কে.পি

