ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গলায় কাপড় পেঁচিয়ে ইতি আক্তার (২২) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার সকালে এ ঘটনা জানাজানি হয়। নিহত ইতি আক্তার উপজেলার গাং জগদিয়া গুচ্ছগ্রামের বাসিন্দা।
তিনি মৃত ফেলু মাতুব্বরের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ ঘরে অবস্থান করছিলেন ইতি আক্তার। পরদিন রোববার সকাল সাড়ে ৮টার দিকে তার বোন ছাবিনা ইয়াসমিন বাবার বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে টিনের ফুটো দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলে আছেন ইতি। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর আগে ইতির বিয়ে হলেও স্বামীর সঙ্গে প্রায় ২-৩ বছর আগে বিচ্ছেদ ঘটে। এরপর তিনি একটি জুট মিলে চাকরি করতেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ইতির সঙ্গে ইতালিতে অবস্থানরত এক প্রবাসীর যোগাযোগ ছিল। ঘটনার আগের রাতেও ওই প্রবাসী তাকে ফোন করেন এবং আর্থিক সহায়তা দিতেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” টনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালের সমাজ/কে.পি

