ময়মনসিংহের ভালুকা উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সরকারি জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। পরিষদের উত্তর ও পশ্চিম পাশে টিনের বেড়া ও টং দোকান নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ইউনিয়ন পরিষদের উত্তর ও পশ্চিম অংশে টিন দিয়ে ঘেরাও এবং স্থাপনা নির্মাণের কাজ চলছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, কিছু ব্যক্তি ওই জমিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি দাবি করে সেখানে ঘর নির্মাণ ও সীমানা নির্ধারণের চেষ্টা করছেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমির পরিমাণ প্রায় এক একর। তবে সম্প্রতি পরিষদের জমির একটি অংশ দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিষদের উত্তর ও পশ্চিম পাশে টিনশেড ঘর ও টিনের বেড়া নির্মাণের কাজ চলছে। এতে সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কবির উদ্দিন বলেন, “অফিস বন্ধ থাকার সময় সুযোগ নিয়ে কিছু কাজ করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর প্রশাসকের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে স্থানীয়দের সমন্বয়ে জমি পরিমাপ ও সীমানা নির্ধারণ করে বিষয়টির দ্রুত সমাধান করা হবে।”
ইউনিয়ন পরিষদের প্রশাসক আসিফ আহম্মেদ রাজিব বলেন, “ইউএনও মহোদয়ের পরামর্শক্রমে ভূমি পরিমাপ করে দ্রুত সীমানা নির্ধারণ করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের জমি সুরক্ষায় সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে মাসুদ নামে এক ব্যক্তি বলেন, “আমি আমার পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণ করছি। জমি পরিমাপ করে ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ করা হোক। যদি প্রমাণিত হয় যে জায়গাটি আমাদের নয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ঘর সরিয়ে নেব।”
এ ঘটনায় সরকারি সম্পত্তি রক্ষা এবং বিরোধপূর্ণ জমির সঠিক সীমানা নির্ধারণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
কালের সমাজ/কে.পি

