প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে ১৫ জন প্রান্তিক সদস্যের মাঝে বিনামূল্যে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২:৩০ টার দিকে কালিবাড়ি ব্র্যাক এলাকার অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (প্রগতি) প্রনব কুমার তরফদার, কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মাহিম, উপজেলা অ্যাকাউন্ট ম্যানেজার প্রহ্লাদ পোদ্দার, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মনিরুজ্জামান এবং সিনিয়র শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মো. তাজ উদ্দীন।
হাঁসের বাচ্চা পেয়ে উপকারভোগী দুলি খাতুন বলেন, “আমি খুবই খুশি। ব্র্যাকের দেওয়া হাঁসগুলো পালন করে পরিবারের আয় বাড়াতে পারব।এতে সংসার এর আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছি।”
উপকারভোগী বিলকিস বেগম বলেন, “এ ধরনের সহায়তা আমাদের মতো দরিদ্র পরিবারের জন্য অনেক বড় পাওয়া। হাঁস পালন করে বাড়তি আয় করার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ করতে পারব।”
পঞ্চমী রানী বলেন, “ব্র্যাক সবসময় আমাদের পাশে থাকে। হাঁসের বাচ্চাগুলো বড় করে বিক্রি করতে পারলে সংসারে বাড়তি আয় হবে। এজন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে বক্তব্যকালে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) রাজু আহমেদ বলেন, “গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য হাঁস পালন আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।”
এলাকা ব্যবস্থাপক (প্রগতি) প্রনব কুমার তরফদার বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বিতা অর্জনে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে হাঁস পালন কার্যক্রম উপকারভোগীদের অতিরিক্ত আয় বৃদ্ধি,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নে সহায়ক হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ব্র্যাকের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কালের সমাজ/কে.পি

