পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি।
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন সড়কে ১,০০০টি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী বিএম মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দীন, দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিভা মণ্ডলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচির আওতায় মোট ১,০০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮০০টি তালগাছ, ১০০টি সোনালু গাছ এবং ১০০টি নিমগাছ। পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি উপকারের কথা বিবেচনা করেই এসব গাছের চারা নির্বাচন করা হয়েছে বলে জানাগেছে।
সবুজে ঘেরা একটি টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে আগামী দিনে মুকসুদপুরের সড়কগুলো আরও সবুজ, ছায়াময় ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
কালের সমাজ/এসআর

