ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বপ্নের ফরিদগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মোঃ ইয়াছিন পলোয়ান, ফরিদগঞ্জ (চাঁদপুর) | জুন ১৩, ২০২৬, ০৮:৩৬ পিএম স্বপ্নের ফরিদগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন স্বপ্নের ফরিদগঞ্জ-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেটু কুমার বড়ুয়া।

চান্দ্রা ইমাম আলি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে, স্বপ্নের ফরিদগঞ্জ এর সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আল আমিন, ফরিদগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও স্বপ্নের ফরিদগঞ্জের উপদেষ্টা মোঃ মোবারক করিম খান, মোঃ নাছির হোসেন মিঠু, মোঃ বেলায়েত হোসেন, লাউতলী ড. রশিদ আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান, কালির বাজার কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম পাটোয়ারী, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান এবং স্বপ্নের ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিমন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্বপ্নের ফরিদগঞ্জের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সদস্যবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা স্বপ্নের ফরিদগঞ্জের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এ কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অর্জনে আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করে।

বক্তারা আরও জানান, স্বপ্নের ফরিদগঞ্জ শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং এটি শিক্ষাবঞ্চিত ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণের একটি সামাজিক আন্দোলন। সংগঠনটি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মোট ৮০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেই পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যেই এদিন পুরস্কার বিতরণ করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক হৃদয়স্পর্শী ঘটনা। তাদের বন্ধু রনি আর্থিক অসহায়ত্বের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পেরে মানসিক চাপে মৃত্যুবরণ করেন। সেই ঘটনার স্মৃতি থেকেই একদল তরুণ প্রতিজ্ঞা করেন, অর্থের অভাবে যেন আর কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় স্বপ্নের ফরিদগঞ্জ।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষা ও মানবকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কালের সমাজ/এসআর

Link copied!