নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৯ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের প্রবেশ ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ এর অধীনস্থ আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
পুশ-ইনকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে আদাতলা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। এসময় বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিজিবি জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কালের সমাজ/কে.পি

