মননশীল সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশে গোপালগঞ্জের মুকসুদপুরে বসেছিল কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের প্রাণের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সাহিত্য আড্ডার আয়োজন করে মননশীল সাহিত্যের ছোটকাগজ "ব্যাটিংজোন"।
সাহিত্য আড্ডার এবারের আলোচনার বিষয় ছিল "বর্তমান প্রজন্মের সাহিত্যের ধারা"। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম পান্নু। আলোচনায় অংশ নেন কবি ও প্রধান শিক্ষক আসমা খানম, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান সেলিম,
সাংবাদিক ও লেখক শরিফুল রোমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মননশীল সাহিত্যের ছোটকাগজ "ব্যাটিংজোন" এর সম্পাদক কবি মাহফুজ রিপন আলোচনায় বক্তারা বর্তমান প্রজন্মের সাহিত্যচর্চার প্রবণতা, নতুন লেখকদের ভাবনা, প্রযুক্তির প্রভাব এবং পাঠাভ্যাসের পরিবর্তনের নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী ওমর ফারুক। পরে কবি-সাহিত্যিকদের স্বরচিত কবিতা পাঠে আড্ডা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। স্বরচিত কবিতা পাঠ করেন মাহমুদা নাসরীন, শরিফুল রোমান, মোতাচ্ছের হোসেন, কামরুন নাহার, খায়রুল বাকী শরিফ, আছমা খানম, এম আশিক মাহমুদ, মো. হারুন-অর রশীদ, কামাল মিয়া ও মাহফুজ রিপন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী রিপন সরকার। সাহিত্য আড্ডায় পাঠ করা কবিতাগুলোর ওপর নান্দনিক ও বিশ্লেষণধর্মী আলোচনা করেন কবি ও গল্পকার সনোজ কুণ্ডু। আয়োজকরা বলেন, সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়; মানুষের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় সম্পৃক্ত করতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
ব্যাটিংজোন-এর সম্পাদক কবি মাহফুজ রিপনের সঞ্চালনায় প্রাণবন্ত এ সাহিত্য আড্ডা কবিতা, গান, আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়। স্থানীয় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের এমন মিলনমেলা মুকসুদপুরের সাহিত্যাঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
কালের সমাজকে.পি

