ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

লামায় হাত-পা বাঁধা অবস্থায় ছগির নামে একজনের মরদেহ উদ্ধার

মো. ইসমাইলুল করিম, লামা (বান্দরবান) | সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৭:৩৭ পিএম লামায় হাত-পা বাঁধা অবস্থায় ছগির  নামে একজনের মরদেহ উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। রোববার সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে স্থানীয় জুমিয়ারা একটি লাশ পড়ে থাকতে দেখেন। 

পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে লামা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহত মো. ছগির রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরে নিহতের স্বজনরা লাশটি ছগিরের বলে শনাক্ত করেন। 

পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ দৈনিক আগামীর সময়’কে বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!