ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৮:০২ পিএম নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি  মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের প্রায় ৩০০ ফুট দীর্ঘ একটি মাটির রাস্তা দীর্ঘ তিন যুগেও পাকা বা সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় পরিণত হওয়ায় চলাচলে ভোগান্তি আরও বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, কোদালিয়া বোর্ড অফিসের পাকা সড়ক থেকে ফয়সাল সাংবাদিকের বাড়ি হয়ে ঠাকুরবাড়ি মসজিদ পর্যন্ত এ মাটির রাস্তাটি দিয়ে আশপাশের প্রায় ১০টি পরিবারের মানুষ নিয়মিত চলাচল করেন। পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও এ পথ ব্যবহার করে ঠাকুরবাড়ি মসজিদে নামাজ আদায় করতে যান। 

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির সময় রাস্তাটিতে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়। ফলে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও মুসল্লিদের মসজিদে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৩০ বছরে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়েছে। 

চেয়ারম্যান-মেম্বারসহ অনেকে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। তাদের মতে, রাস্তাটি সংস্কার হলে প্রায় ১০টি পরিবারের পাশাপাশি মসজিদে যাতায়াতকারী মুসল্লিদেরও দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। এদিকে স্থানীয় সমাজসেবক সাইফুর রহমান মহল্লাবাসীকে আশ্বস্ত করে বলেছেন, রাস্তাটি সংস্কারের জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। পাশাপাশি সরকারি পর্যায় থেকেও প্রয়োজনীয় কাজ যাতে করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। দীর্ঘদিনের ভোগান্তির অবসানে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!