ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি, নওগাঁ | ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:২৫ পিএম নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ

নওগাঁ সদর উপজেলায় এক সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা ও পেশায় সাংবাদিক সবুজ হোসেনের বিরুদ্ধে “Aloron Tv” নামক একটি ফেসবুক পেইজ থেকে সম্প্রতি একটি পোস্ট প্রকাশ করা হয়। উক্ত পোস্টে তার বিরুদ্ধে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ওই পোস্টের মাধ্যমে তার সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রকাশিত পোস্টে যে অভিযোগগুলো আনা হয়েছে সে বিষয়ে তিনি সম্পূর্ণরূপে অবগত নন এবং অভিযোগগুলো বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এছাড়া তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিজিটিং কার্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা ব্যক্তিগত তথ্যের অননুমোদিত ব্যবহার ও গোপনীয়তা লঙ্ঘনের শামিল বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, উক্ত ফেসবুক পেইজটি নওগাঁ সদর উপজেলার চকরামপুর এলাকার মোঃ ফারুকের ছেলে মোঃ রনক পরিচালনা করে থাকেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে যাচাইযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সবুজ হোসেন বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা চাই।”
লিখিত অভিযোগে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত, মানহানিকর পোস্ট অপসারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংযুক্তি হিসেবে মানহানিকর ফেসবুক পোস্টের স্ক্রিনশট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Side banner
Link copied!