ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাজশাহী মহানগরীতে জমে উঠেছে ইফতার বাজার

মোঃ রমজান আলী, রাজশাহী ব্যুরো | ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৫৮ পিএম রাজশাহী মহানগরীতে জমে উঠেছে ইফতার বাজার

রাজশাহী মহানগরীতে পবিত্র রমজান উপলক্ষে জমে উঠেছে ইফতার বাজার। বিকেল গড়াতেই নগরীর অলিগলি, মোড় ও বাজারগুলোতে বসছে অস্থায়ী ইফতারির দোকান। বাহারি সব ভাজাপোড়া, শরবত, খেজুর, ফলমূল ও বিভিন্ন প্যাকেজ ইফতারি কিনতে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

নগরীর সাহেব বাজার, নিউ মার্কেট, কাজলা ও লক্ষ্মীপুর এলাকায় সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। বিকাল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত চলে কেনাবেচা। বিক্রেতারা জানান, এবার ইফতারের প্রধান আকর্ষণ বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, হালিম, জিলাপি ও বিভিন্ন ফলের শরবত। পাশাপাশি ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে ছোট-বড় ইফতার প্যাকেজও রাখা হয়েছে ক্রেতাদের সুবিধার্থে।

সাহেব বাজারের ইফতার বিক্রেতা আব্দুল কাদের বলেন, রমজান এলেই আমাদের বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। প্রতিদিন বিকেলেই প্রচুর ক্রেতা আসছেন। তবে কাঁচামালের দাম বেশি থাকায় আগের মতো লাভ হচ্ছে না। বাজারে সব জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখার অনেক কষ্ট হয়ে পড়ছে।

কাজলা এলাকার বিক্রেতা রুবেল হোসেন জানান, আমরা চেষ্টা করছি পরিষ্কার-পরিচ্ছন্নভাবে খাবার প্রস্তুত করতে। ক্রেতাদের আস্থা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আমরা খাবারের গুণগত মান বজায় রাখার চেষ্টা করি সবসময়। আসরের নামাজের পর থেকেই আমাদের দোকানে ইফতারির কেনার জন্য ক্রেতারা ভিড় করেন।

অন্যদিকে ক্রেতারাও বলছেন, সময়ের অভাবে অনেকেই বাসায় ইফতার তৈরি করতে পারছেন না। তাই বাজার থেকে প্রস্তুত ইফতার কিনছেন। নিউ মার্কেট এলাকায় ইফতার কিনতে আসা ব্যাংককর্মী সাইফুল ইসলাম বলেন, অফিস শেষে বাসায় গিয়ে ইফতার বানানো কঠিন। আমরা কাজে ব্যাস্ত থাকায় বাসায় ইফতার বানানোর সময় পায়না। সেজন্য এখান থেকে প্যাকেজ কিনলে সময় বাঁচে।

লক্ষ্মীপুর এলাকার গৃহিণী রহিমা বেগমের ভাষ্য, দাম কিছুটা বেশি মনে হলেও একসঙ্গে সবকিছু পাওয়া যায়, তাই সুবিধা হয়। তবে ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা জরুরি। আমরা জানি বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, তারপরেও এখান থেকেই ইফতারি কেনা হয়।

চিকিৎসকদের মতে, খোলা স্থানে বিক্রি হওয়া খাবার কেনার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। ঢেকে রাখা ও তাজা খাবার বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সব মিলিয়ে বলা যায়, রমজানের আমেজে রাজশাহী নগরীর ইফতার বাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতিতে প্রতিদিন বিকেলেই উৎসবমুখর হয়ে উঠছে মহানগরীর বিভিন্ন ইফতারির দোকান।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!