ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরেদহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:০০ পিএম ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরেদহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির শৌচাগার থেকে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম নুরজাহান বেগম (৫০)। তিনি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামের কুয়েতপ্রবাসী আবুল কালামের স্ত্রী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৩ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় নুরজাহান বেগমকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার জানায়, নুরজাহান বেগমের চার সন্তান রয়েছে।

মৃতের কলেজপড়ুয়া মেয়ে নুর সুলতানা তানহা বলেন, ‘আমি সকালে কলেজে চলে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি আমাদের বিল্ডিংয়ের দরজা বন্ধ। মাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে আমাদের বাড়ির এক চাচাতো বোনের বাসায় যাই, আমার কাছে থাকা তার ওষুধ দিয়ে আসতে। কিছুক্ষণ পর ঘরের সামনে ফিরে এসে দেখি দরজা খোলা। এ সময় ঘরে প্রবেশ করে দেখি টয়লেটে গলাকাটা অবস্থায় মা পড়ে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে এবং মাকে হাসপাতালে নিয়ে আসি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম বলেন, ‘নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি, এনজিওর লোকজন টাকার জন্য তাঁদের বাড়িতে এসে বসে থাকত। ঘটনার দিন সকালেও তাঁর বাড়িতে এনজিওর লোকজন আসে। তবে কোন এনজিও, তা বলতে পারেননি।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, খবর পেয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের গলায় কাটা গভীর জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Side banner
Link copied!