নওগাঁর মান্দা উপজেলার সিংগী হাট এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির–এর নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র শিবির নওগাঁ জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ সাকিব আল হাসান। তিনি বলেন, “ভোটের সময়কার দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার স্পোর্টস সম্পাদক মোঃ রায়হান ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরী শিবিরের সাবেক অফিস সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব বিভাগ সভাপতি মোঃ আব্দুল মালেক। তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশে মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। এ ধরনের হামলা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিপন্থী।
সভাপতিত্ব করেন ছাত্র শিবির মান্দা উপজেলা পূর্ব শাখার সভাপতি মোঃ রোমান ইসলাম পারভেজ এবং সঞ্চালনা করেন পশ্চিম শাখার সভাপতি মাহামুদুল হাসান।
বক্তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :