ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফরিদপুর রাস্তার ওপর ভেঙে পড়ল মেহগনি গাছ

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:১৪ পিএম ফরিদপুর রাস্তার ওপর ভেঙে পড়ল মেহগনি গাছ

ফরিদপুর শহরে সড়কের ওপর একটি মেহগনি গাছ ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে শহরের ফরিদপুর সদর হাসপাতাল–এর সামনে হঠাৎ করেই একটি বড় মেহগনি গাছ রাস্তার ওপর পড়ে যায়। এ ঘটনায় রাস্তায় থাকা তিনটি অটোরিকশা গাছের চাপে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেনি। 

সরেজমিনে দেখা যায়, সেখানে একটি পুরোনো দেয়াল ছিল, যা জীর্ণ হয়ে যাওয়ায় ভেঙে ফেলা হয়েছে এবং নতুন করে দেয়াল নির্মাণের কাজ চলছিল। দেয়াল নির্মাণের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলার ফলে গাছের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে কাজ চলাকালে গাছের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গাছটি হঠাৎ করেই পড়ে যায় বলে স্থানীয়রা জানান।
ঘটনার শিকার অটোচালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া সাংবাদিকদের জানান, সকালে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই গাছটি তাদের অটোর ওপর ভেঙে পড়ে। এতে অটোরিকশাগুলোর ব্যাপক ক্ষতি হলেও যাত্রীরা অক্ষত থাকেন।

ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর সদস্যদের সহযোগিতায় গাছটি কেটে দ্রুত সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছ নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
 

Side banner
Link copied!