কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের নন্দীর পাড়ায় বিদ্যুতের মিটার বিস্ফোরণ থেকে লাগা আগুনে তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের একটি মিটার হঠাৎ বিস্ফোরিত হয়ে শর্টসার্কিটের মাধ্যমে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়লে তিনটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
পুড়ে যাওয়া বাড়িগুলোর মালিকরা হলেন—আকতার আহমদের ছেলে ফোরকান আহমদ, তার ভাই মোঃ ছোটন এবং মৃত জয়নাল আবদীনের ছেলে মোঃ রাকিব।
পারিবারিক সূত্রে জানা যায়, ফোরকান ও ছোটন বর্তমানে সৌদি আরবে অবস্থান করলেও ভিসাবিহীন ও কর্মহীন অবস্থায় থাকায় তারা আগে থেকেই চরম আর্থিক সংকটে ছিলেন। অন্যদিকে পিতাহীন রাকিব একাই মায়ের সংসারের
দায়িত্ব বহন করছিলেন। আকস্মিক এ অগ্নিকাণ্ডে তিন পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ইউছুফ রুবেল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাহাবুব করিমও নগদ অর্থ সহায়তা দেন।
এছাড়াও পেকুয়া ঋণদান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক এবং বর্তমান সহসভাপতি সাজ্জাদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানাতে ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে তিনটি বাড়িই সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন


আপনার মতামত লিখুন :