ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে ওমর ফারুক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | মার্চ ১১, ২০২৬, ০৪:৩৮ পিএম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে ওমর ফারুক

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি পদে আলোচনায় শীর্ষে রয়েছেন বর্তমান সদর থানা ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক। দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থানের কারণে নেতাকর্মীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ওমর ফারুক। সিরাজগঞ্জ শহরের হোসেনপুর এলাকায় বেড়ে ওঠা এই ছাত্রনেতা স্কুলজীবন থেকেই দলীয় মিছিল-মিটিং এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শুরু করেন। সে সময় স্থানীয় নেতা মির্জা বাবু ও আলামিনের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি।

ওমর ফারুক জানান, ২০১৩ ও ২০১৪ সালের হরতাল-অবরোধের সময় সিরাজগঞ্জে আন্দোলন তীব্র আকার ধারণ করে। ইসলামিয়া কলেজের সামনে সংঘটিত বিভিন্ন কর্মসূচিতে তিনি সরাসরি অংশ নেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অভিযানের সময় তিনি গ্রেপ্তারও হন বলে জানান। এরপর থেকেই তিনি সরাসরি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

দলীয় সূত্রে জানা যায়, সবুজ ও সেরাজের নেতৃত্বে জেলা ছাত্রদলের কমিটি গঠনের পর ২০১৯ সালে সদর থানা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান ওমর ফারুক। দায়িত্ব পাওয়ার পর তিনি নিজের আওতাধীন ১০টি ইউনিয়নে কর্মী সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠন করেন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার উদ্যোগ নেন।

রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচটি মামলার আসামি হয়েছেন বলেও জানান। ওমর ফারুকের দাবি, বিরোধী রাজনীতির কারণে তার পরিবারও বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। তিনি বলেন, সরকারি চাকরিতে ৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও রাজনৈতিক কারণে তার বড় বোনের গেজেট দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল, যা পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর মামলা, হামলা ও দমন-পীড়ন চালানো হয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনসহ বিভিন্ন আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে গেছেন।

ওমর ফারুক বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং তার আগের আন্দোলনগুলোতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের ফলেই বিএনপি নতুন করে শক্তি সঞ্চয় করেছে।”

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে ওমর ফারুক সভাপতি পদে দায়িত্ব পেলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং মাঠ পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে।

উল্লেখ্য, ওমর ফারুকের পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তার বাবা ১১ নম্বর ওয়ার্ড বিএনপির তিনবারের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Link copied!