ঢাকার ধামরাই পৌর এলাকায় তিতাস গ্যাসের লাইনের ছিদ্র থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে পৌরসভার কিষাণ নগর এলাকার একটি দোতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— বাদশা মিয়া (৫৫) ও তার স্ত্রী সুমনা বাদশা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে ওই ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের আসবাবপত্রসহ ভবনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ধারণা করা হচ্ছে, চুলা বা পাইপলাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুনের সংস্পর্শ লাগলে এই বিস্ফোরণ ঘটে।
চিকিৎসক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে সুমনা বাদশার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সুমনার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে স্বামী বাদশা মিয়ার শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা বিশেষায়িত ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পর স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এলাকা পরিদর্শন করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

