ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবশেষে পেট্রোল-ডিজেলের দাম বাড়াল ভারত

কালের সমাজ ডেস্ক | মে ১৫, ২০২৬, ০১:১১ পিএম অবশেষে পেট্রোল-ডিজেলের দাম বাড়াল ভারত

মধ্যপ্রাচ্যে অস্থিরতার আঁচ অবশেষে ভারতীয় জ্বালানি বাজারে। শুক্রবার (১৫ মে) সকাল থেকেই বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। একলাফে লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৩ দশমিক ২৯ রুপি। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩ রুপি ১১ পয়সা।

বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ক্রুড অয়েলের দাম ১০২ ডলারে পৌঁছে গিয়েছে। এর ফলে কয়েকদিন ধরেই জ্বালানির দাম বৃদ্ধির জল্পনা চলছিল। অবশেষে সেই আশঙ্কাই বাস্তব হল।

পেট্রোল আর ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সিএনজি-রও দাম বেড়েছে। আজ (শুক্রবার) কলকাতায় প্রতি কেজি সিএনজি-র দাম ৯৩ দশমিক ৫০ রুপি। তবে কয়েকটি পেট্রোল পাম্পে ৯৬-৯৭ রুপিতে বিক্রি হচ্ছে সিএনজি।

তবে পেট্রোল, ডিজেল, সিএনজির দাম বাড়লেও নতুন করে জেট ফুয়েলের দাম বাড়েনি। সর্বশেষ গত ১ এপ্রিল ভারতে এভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট ফুয়েলের দাম রেকর্ড পর্যায়ে প্রায় ১১৫ শতাংশ বাড়ানো হয়। লিটারপ্রতি দাম দাঁড়ায় ২ দশমিক ০৭ লাখ রুপি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। অশোধিত তেলের দামও বেড়েছে। এই আবহে জ্বালানির মূল্যবৃদ্ধির গুঞ্জন ছিলই। তেল সংস্থাগুলোর পক্ষ থেকেও দাম বৃদ্ধির আর্জি জানানো হচ্ছিল।

পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ পুরী ও রিজার্ভ ব্যাংকের গর্ভনর সঞ্জয় মালহোত্রা পেট্রোলজাত পণ্যের মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। তারা বলেছিলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ না থামলে জ্বালানি দাম নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব হয়ে যাবে। শুক্রবার সেই আশঙ্কাই সত্যি হল।

নতুন দামের ফলে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের খুচরা পর্যায়ে দাম আরও চড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহন খরচের ওপর। যার জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরও বাড়ে, তাহলে আগামী দিনেও জ্বালানির দামে ফের সংশোধন হতে পারে।

সম্প্রতি ভারতীয়দের জ্বালানি পেট্রোল, ডিজেল এবং ভোজ্যতেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই দেশটিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা এলো।

কালের সমাজ/এসআর

Link copied!