দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরকালে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা উল্লেখযোগ্য। এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন এবং রাজনৈতিক দিকনির্দেশনা দেবেন।
পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীবেষ্টিত চাঁদপুর জেলা ইলিশ, নদী ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত হলেও দীর্ঘদিন ধরে নদীভাঙন, শিক্ষা ও শিল্পায়নসহ নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইসঙ্গে ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের।
এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নদীভাঙন রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সূত্র জানায়, শনিবার সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন।
এরপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।
চাঁদপুরের শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তরুণদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। তারা কর্মসংস্থান, চাঁদপুর-কুমিল্লা সড়ক চার লেনে উন্নীতকরণ, পর্যটন শিল্পের বিকাশ এবং সংস্কৃতি খাতে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, জেলার রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৩৭০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি চাঁদপুর থেকেই দেশের ২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চাঁদপুরে ইপিজেড প্রতিষ্ঠা আমাদের অন্যতম দাবি। এখানে ইপিজেড হলে শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলার মানুষও কর্মসংস্থানের সুযোগ পাবে।”
কালের সমাজ/কে.পি

