আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় আত্মঘাতী হামলা হয়েছে। এতে এক বেসামরিক ব্যক্তি ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
শুক্রবার (১৫ মে) পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাতের এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর আরও ৩৫ সদস্য আহত হন। বাজাউর জেলায় অবস্থিত স্কাউটস ক্যাম্পে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি প্রবেশের চেষ্টা করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় স্কাউটস ক্যাম্পের প্রবেশদ্বার ও আশপাশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পেশোয়ারের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘হামলায় আধাসামরিক বাহিনীর ৯ সদস্য এবং ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।’ তিনি আরও জানান, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই গাড়িটি দিয়ে ক্যাম্পের গেটে আঘাত করে।
দীর্ঘ সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির পর হামলাকারীরা পালিয়ে যায়। ওই হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩৫ সদস্য আহত হন বলেও জানান তিনি। বাজাউরের আরেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাও হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান বরাবরই অভিযোগ করে এসেছে, প্রতিবেশী আফগানিস্তান টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। যদিও আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক আরও অবনতির দিকে গিয়ে প্রাণঘাতী সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে।
কালের সমাজ/এসআর

