মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেন, যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলো যদি মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা না দেয়, তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।
তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতে জড়াবে না। তিনি বলেন, ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজেদের ও মিত্রদের সুরক্ষা দেওয়াই তাদের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে তিনি দ্রুত কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন।
অন্যদিকে জার্মানি জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে ন্যাটোর কোনো সংশ্লিষ্টতা নেই। জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, জার্মানি এই সংঘাতে অংশ নেবে না এবং সামরিক উপায়ে হরমুজ প্রণালি সচল রাখার কোনো অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনাও নেই।
এদিকে গ্রিসও একই অবস্থান নিয়েছে। দেশটির সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস জানিয়েছেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের সামরিক অভিযানে জড়াবে না গ্রিস।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লেও ইউরোপের কয়েকটি দেশ সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে।
কালের সমাজ/কে.পি

