ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৮, ২০২৬, ১২:১৬ পিএম সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। আলোচনার বিষয়ে অবগত ইরানি সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের আগামীকাল রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা হলেও পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব রয়ে যায় বলে পরে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়ে বলেছেন, আগামী বুধবারের মধ্যে কোনও চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না তিনি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন নাকি আবার হামলা শুরু করবেন, এ বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি।

ট্রাম্পের ভাষায়, ‘হয়তো আমি এর মেয়াদ বাড়াব না। তখন (হরমুজ প্রণালিতে) অবরোধ জারি থাকবে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’

এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেন, দুই পক্ষই একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে তিনি মনে করেন।

এদিকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। প্রণালি উন্মুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানালেও দেশটির বন্দর ও জাহাজের বিরুদ্ধে নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে কোনও চুক্তি সম্পন্ন হলেই কেবল সেই অবরোধ প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

কালের সমাজ/এসআর

Link copied!