ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৫, ২০২৬, ১২:৪৮ পিএম হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে উত্তাপের পারদ চড়েই চলেছে। এবার আলাদা দুটি ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল হামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবে গেছে দুটি বাণিজ্যিক জাহাজ।

এর মধ্যে একটি কনটেইনারবাহী ও অন্যটি ড্রাই বাল্ক ক্যারিয়ার। বুধবার আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যের কৌশলগত এই জলসীমায় গত দশ দিনে আক্রমণের তীব্রতা অভাবনীয়ভাবে বেড়েছে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দোবন্দরগুলোতে কঠোর অবরোধ ও অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করার পর, জবাবে তেহরানও তাদের হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে।’

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য ও সামুদ্রিক নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ নামের একটি কনটেইনার জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ২ হাজার ৮২৪ টিইইউ ধারণক্ষমতাসম্পন্ন ছোট আকারের জাহাজটি একপর্যায়ে সাগরে তলিয়ে যায়।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) জানিয়েছে, ‘মঙ্গলবার জাহাজটিতে হামলা হলে অগ্নিকাণ্ড ঘটে এবং সেটি ডুবে যায়। তবে জাহাজের কর্মী ২১ জনকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কেউ আহত হননি।’

অন্যদিকে গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ড্রাই বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাও’ শেষ পর্যন্ত বুধবার হরমুজ প্রণালীর কাছেই ডুবে গেছে। হামলার পরপরই একজন নাবিক প্রাণ হারিয়েছিলেন এবং বাকিদের উদ্ধার করা হয়েছিল। জাহাজটির সংযুক্ত আরব আমিরাতভিত্তিক পরিচালনাকারী প্রতিষ্ঠান পিওনিস শিপম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট তিনটি বাণিজ্যিক জাহাজ এই প্রণালীতে ডুবে গেল।

এর আগে মার্চ মাসে মাল্টার পতাকাবাহী ‘সাফিন প্রিস্টিজ’ নামের একটি কন্টেইনার জাহাজ প্রজেক্টাইল হামলায় ডুবে যায় এবং এপ্রিলে ইরানের রিভোল্যুশনারি গার্ড ‘এমএসসি ফ্রান্সেসকা’ নামের আরেকটি জাহাজ আটক করে।

কালের সমাজ/এসআর

Link copied!