ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা

কালের সমাজ ডেস্ক | মার্চ ২, ২০২৬, ১২:৩৯ এএম মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রসীমায় চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যে মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান।

রোববার (১ মার্চ) ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তাদের ছোড়া অন্তত চারটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন এই রণতরীতে আঘাত হেনেছে। 

আইআরজিসির পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিশেষ বার্তায় বলা হয়েছে, ইরানের ওপর চালানো মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

এর আগে, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা করে যাচ্ছে দেশটি।

কালের সমাজ/এসআর

Link copied!