আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে নামা ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়ল অসাধু ব্যবসায়ীদের কারসাজি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্ববৃহৎ পাইকারি লেবুর বাজারে ১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।
অভিযানে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, রমজানকে কেন্দ্র করে লেবুসহ বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিলেন। ভোক্তা অধিদপ্তরের এমন তৎপরতায় স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

