ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১০, ২০২৬, ০১:৩৪ পিএম হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে তার সাজা কার্যকর করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

পাসপোর্ট ইস্যুতে আইনি বিধিনিষেধের ব্যাখ্যা দিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, পাসপোর্ট অর্ডার অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হয়ে থাকলে তাকে পাসপোর্ট দেওয়ার বিধান নেই। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় সরকার তার আগের পাসপোর্ট বাতিল করেছে। বর্তমানে তিনি সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় পাসপোর্ট কর্তৃপক্ষের নতুন করে তাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত এখতিয়ার নেই।

তিনি আরও বলেন, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের চলাফেরার স্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে, তা দণ্ডিত ও পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

লন্ডনভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন পাঠানোর বিষয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। বরং লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ই-মেইল পাঠানো হয়েছে। অথচ এ বিষয়ে কোনো বৈধ চুক্তিপত্রও দাখিল করা হয়নি। যার পাসপোর্ট প্রয়োজন, আবেদন তাকেই ব্যক্তিগতভাবে করতে হবে। কথিত ওই ল চেম্বার কোন আইনি ভিত্তিতে এ আবেদন করেছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ এবং এ নিয়ে বিভিন্ন বক্তব্যকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রকৃত আগ্রহ ছিল বা এখনো আছে কি না, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। সত্যিই দেশে ফেরার ইচ্ছা থাকলে বিচার চলাকালে তিনি আদালতে হাজির হয়ে বিচার মোকাবিলা করতে পারতেন অথবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারতেন।

তিনি আরও বলেন, এখন হাজার হাজার গাড়ি ও চার্টার্ড বিমান নিয়ে দেশে ফেরার কথা বলা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের একটি অংশ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তাকে ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে যে তিনি বাংলাদেশ-ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরতে চান। কিন্তু এখন পর্যন্ত তিনি ভারত সরকারকে তেমন কিছুই বলেননি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিশেষ আইনের আপিল ও রায়ের বিষয়ে ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের যে বেঞ্চ শেখ হাসিনার রায় দিয়েছেন, তারা হাইকোর্টের বিচারক বা বিচারকের সমমর্যাদাসম্পন্ন। ফলে তাদের দেওয়া রায়ের আপিল হাইকোর্টে হয় না, সরাসরি আপিল বিভাগে করতে হয়।

আইনটি বিশেষ আইন হওয়ায় নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করার কারণে সেই সুযোগও এখন শেষ। ফলে ভবিষ্যতে তার আপিল করার আর কোনো আইনি সুযোগ নেই এবং তার ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা রায় কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প অবশিষ্ট নেই।


কালের সমাজ/ওজি

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!