ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
ফতুল্লায় মাদ্রাসায় আগুন

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, গুরুতর অসুস্থ কয়েকজন রোগী

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ১০, ২০২৬, ০১:৩০ পিএম ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, গুরুতর অসুস্থ কয়েকজন রোগী


নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। আগুনের ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে চারজনকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। তাদের একজন লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকদের মতে, বার্ন রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত বলা সম্ভব নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে ধাপে ধাপে মোট ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

গুরুতর অসুস্থ রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, কয়েকজনের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।

ডা. রবিউল করিম খান পাপন আরও বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এতে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে।

তিনি জানান, বর্তমানে চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ কাজ করছেন। এ ছাড়া কয়েকজন রোগীর চোখও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসার জন্য একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে সব রোগীর চিকিৎসা কার্যক্রম চলছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ও ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম, ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ প্রমুখ।

 

কালের সমাজ/ওজি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!