ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৪:১০ পিএম আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন

ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের প্রমাণাদি আছে উল্লেখ করে এ আসনের শপথ বিরত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলির প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে নাসীরুদ্দীন পাটওয়ারীর লেখা আবেদনটি তার পক্ষে আজ ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট, পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনি অনিয়মের আশ্রয় নেয়।

এছাড়া এসবে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনি অনিয়মে জড়িয়ে পড়ে এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করার অভিযোগ করেন নাসীরুদ্দীন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি এই চিঠির মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনেন এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ঢাকা-৮ আসন। গত বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ভোটে এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পান ৫১ হাজার ৩৯৬ ভোট।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!