নির্বাচনে কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ৩০টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনা এবং নবনির্বাচিতদের শপথ স্থগিত রাখার আবেদন করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ৩০ আসনে ভোট গণনায় অনিয়ম হয়েছে বলে জামায়াতের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। এ কারণে পুনরায় ফল গণনার পাশাপাশি এসব আসনের ফলাফল স্থগিত রাখার জন্য আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই সঙ্গে ওই আসনগুলোতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এমনকি নারী কর্মীরাও এসব হামলার শিকার হচ্ছেন। তার দাবি, অন্তত ৩০টি আসনে ভোট কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং অন্যান্য অনিয়মের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে।
তবে আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। পাশাপাশি জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচনও স্থগিত রয়েছে।


আপনার মতামত লিখুন :