ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক ধারার রাজনীতিকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধারাবাহিকভাবে এই দুই নেতার বাসায় যাওয়ার কর্মসূচি রয়েছে। দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় যাবেন তারেক রহমান। পরে রাত ৮টার দিকে বাড্ডা এলাকায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তার উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন ও পারস্পরিক বোঝাপড়া জোরদারের লক্ষ্যেই এই সাক্ষাৎ। নির্বাচনের পর জাতীয় ঐক্য ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে বিএনপি নেতৃত্ব এসব উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠকগুলোকে নির্বাচন-পরবর্তী সমন্বয় ও ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :