ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

নতুন সরকারের শপথ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫৫ পিএম নতুন সরকারের শপথ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। ওইদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। মঙ্গলবার সন্ধ্যায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন শুক্রবার রাতে বিজয়ী প্রার্থীদের নামের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর পর থেকেই সংসদ সদস্যদের শপথ আয়োজনের প্রস্তুতি শুরু করে জাতীয় সংসদ সচিবালয়। সাধারণত জাতীয় সংসদ ভবনের শপথকক্ষেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় জানান, আপাতত ১৭ ফেব্রুয়ারিতেই শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। পরদিন ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।

এ পর্যন্ত ঘোষিত ফলাফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অপরদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

Side banner
Link copied!