ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

যৌন কেলেঙ্কারিতে বড় সংকটে ইতালীয় ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০১:১৭ পিএম যৌন কেলেঙ্কারিতে বড় সংকটে ইতালীয় ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ঘটিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিল ইতালি। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই বড় ধরনের সংকটে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ফেডারেশনের নারী ক্রিকেট সমন্বয়ক প্রবাথ একনলিগোদোর বিরুদ্ধে জাতীয় দলের এক নারী ক্রিকেটারকে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

৫৭ বছর বয়সী প্রবাথ একনলিগোদোর বিরুদ্ধে অভিযোগ, গত বছরের মার্চে রোমে একটি অনুশীলন সেশনের সময় হাঁটুর ইনজুরির ম্যাসাজ করার বাহানায় তিনি ওই নারী ক্রিকেটারকে আপত্তিকরভাবে স্পর্শ করেন।

আইনি কারণে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। ভুক্তভোগী খেলোয়াড় জানান, দলে জায়গা হারানোর ভয়ে তিনি শুরুতে অভিযোগ করতে সাহস পাননি।

২০২৫ সালের নভেম্বরে রোমের প্রসিকিউটর এই ঘটনার তদন্ত শেষ করেন এবং ডিসেম্বরে পুলিশ একনলিগোদোকে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে বিষয়টি আদালতে গড়াবে কি না, সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। অভিযুক্তের আইনজীবী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে ইতালীয় ক্রিকেট ফেডারেশনের ভূমিকা নিয়ে। অভিযোগ ওঠার পর গত নভেম্বরে একনলিগোদোকে পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলেও, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলের সঙ্গেই দেখা গেছে। ইতালীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মারিয়া লোরেনা হাজ পাজের সঙ্গী হিসেবে তিনি সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড পরে ম্যাচগুলোতে উপস্থিত ছিলেন। এমনকি কলকাতায় ইতালীয় কনসুলেটের অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।

এই ঘটনা এবং বোর্ডের অপেশাদার আচরণের প্রতিবাদে ফেডারেশনের একাধিক সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে। বোর্ডের ভেতরের এই অস্থিরতা প্রেসিডেন্ট হাজ পাজের অবস্থানকেও নড়বড়ে করে দিয়েছে। সিনিয়র কর্মকর্তাদের আশঙ্কা, বিশ্বকাপের মাধ্যমে ইতালিতে ক্রিকেটের যে জোয়ার শুরু হয়েছিল, এই কেলেঙ্কারি তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে।

মাঠে নেপালকে হারিয়ে এবং ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে যে প্রশংসা কুড়িয়েছিল ইতালি, মাঠের বাইরের এই বিতর্ক এখন তাকেই ছাপিয়ে যাচ্ছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!