লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষকদল নেতার মরদেহ উত্তোলন করা হয়েছে। পরাশ ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় মারা যান।
তার স্ত্রী শেফালি বেগম শেপুর করা মামলার তদন্তের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশনায় তার মরদেহ উত্তোলন করা হয়। প্রবাস থেকে এসে বন্ধুকে নিয়ে মাটি খনন যন্ত্র ভেক্যু মেশিন ক্রয় করতে চট্টগ্রাম গিয় মারা যায় পরাশ। ঘটনার সময় পরাশের কাছে ১০ লাখ টাকা ছিল।
অভিযোগ রয়েছে পরাশের সাথে থাকা ১০ লাখ টাকা আত্মসাৎ করতে অভিযুক্ত মোহন পরাশকে হত্যা করে। পরাশ ও মোহনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়েছে। ভিকটিম পরাশ জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরমান হোসেন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শেখ সুমন বলেন, নিহতের মরদেহ উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
কালের সমাজ/কে.পি

