কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর নতুন বাজার এলাকায় পরিবহন সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিন মাস আগে পাঠানো মালামাল এখনো বুঝে পাননি ভুক্তভোগী, ফলে বাধ্য হয়ে ট্রাক আটক করেন তিনি।
জানা যায়, ফয়েজ মিয়া নামের এক ব্যবসায়ী প্রায় তিন মাস আগে ১৬,০০০ টাকা মূল্যের মালামাল আরমানিটোলা ট্রান্সপোর্টে দেন, যা সাচার ট্রান্সপোর্টে পৌঁছানোর কথা ছিল। নির্ধারিত সময়ের অনেক আগেই মাল পৌঁছানোর কথা থাকলেও দীর্ঘ তিন মাস পার হয়ে গেলেও তিনি তার মালামাল পাননি।
ভুক্তভোগী ফয়েজ মিয়া জানান, তিনি একাধিকবার ট্রান্সপোর্ট অফিসের সাথে যোগাযোগ করেছেন। প্রতিবারই কর্তৃপক্ষ মাল পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং চরম হতাশায় ভোগেন।
আজ সকালে আরমানিটোলা থেকে সাচারের উদ্দেশ্যে একটি ট্রাক রওনা দেয়। পরে মোহাম্মদপুর নতুন বাজার এলাকায় পৌঁছালে ফয়েজ মিয়া গাড়িটি শনাক্ত করে আটক করেন। তিনি দাবি করেন, তার মালামাল না দেওয়া পর্যন্ত গাড়ি ছাড়া হবে না।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। অনেকেই ঘটনাটি ঘিরে ভিড় করেন এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয়রা জানান, এ ধরনের সমস্যা নতুন নয়। অনেক সময় ট্রান্সপোর্টের অব্যবস্থাপনার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত এ সমস্যার সমাধান এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
কালের সমাজ/ কে.পি

