মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে চায়ের দোকানের আড়ালে চলা একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বালিদিয়া বাজারের কামাল হোসেনের চায়ের দোকানে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসছে; এমন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয় পুলিশ। অভিযানে হাতেনাতে ১৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম (তাস) ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলো-আব্দুর রহমান মোল্যার ছেলে ইরান আলী (৩৫), হারুন মিয়ার ছেলে জামাল মিয়া (৩০), মোক্তার হোসেনের ছেলে রাজ্জাক বিশ্বাস (২৮), দুলাল মিয়ার ছেলে জিনজির মিয়া (৪৫), রফিক শেখের ছেলে এরশাদ শেখ (৩০), গোলাম রসুলের ছেলে রাজ্জাক মোল্যা (৩৫), সাহেব আলীর ছেলে মানিক মিয়া (৩২), আব্দুল হামিদ মোল্যার ছেলে মতিয়ার রহমান (৪৫), মোমিন মোল্যার ছেলে সালাউদ্দিন মোল্যা (১৮), নেছার উদ্দিন মিয়ার ছেলে রাজ্জাক মিয়া (৩৭), আতিয়ার মোল্যার ছেলে তবিবার (৪০), চাঁন মিয়ার ছেলে আরব আলী (২৮), সলেমান মৃধার ছেলে ওহাব মৃধা (৪৫), ছব্দার মোল্যার ছেলে বিল্লাল হোসেন (৩০), হারুন মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) এবং ফয়সাল মোল্যার ছেলে এরশাদ মোল্যা (২২)। তারা সবাই বালিদিয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জুয়ার মতো সামাজিক অপরাধ দমনে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”

