কক্সবাজারের রামু থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ ৭ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৫ মে) রামুর রশিদনগর এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পরিচালিত হয়। এ সময় আমির হোসেন প্রকাশ কালাবশি (২৭)-এর বসতঘরের সামনের কক্ষ থেকে ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আমির হোসেন প্রকাশ (কালাবশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) এবং শেফায়েত নুর।
অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একাধিক কিরিচ, লোহার রড, পাইপ, কাটিং ও গ্রাইন্ডিং যন্ত্রপাতি, ৯টি চকলেট বোমা, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি, ৫টি শটগানের কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির নকশা ও বিভিন্ন কারিগরি সরঞ্জামও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালের সমাজ/কে.পি

