ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ফরিদগঞ্জে ব্যক্তি উদ্যোগে সড়ক ও নদী পরিষ্কার

জেলা প্রতিনিধি, চাঁদপুর | মে ৫, ২০২৬, ০৭:৩২ পিএম ফরিদগঞ্জে ব্যক্তি উদ্যোগে সড়ক ও নদী পরিষ্কার

ফরিদগঞ্জে ব্যক্তি উদ্যোগে সড়ক ও পরিবেশ উন্নয়নে কাজ করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক ও উদ্যোক্তা আব্দুর রাজ্জাক রাজা। তিনি ‘অমি স্মৃতি মিনি শিশু পার্ক’ ও ‘আরাফাত চাইনিজ রেস্টুরেন্ট’-এর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হলেও, সাম্প্রতিক সময়ে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জানা যায়, চাঁদপুর-ফরিদগঞ্জ মহাসড়কের বিভিন্ন অংশের দুই পাশ দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ে ঢাকা থাকায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় আব্দুর রাজ্জাক রাজা নিজ উদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার করে পথ চলাচল সহজ করেন।

এছাড়া, এলাকার গুরুত্বপূর্ণ জলাধার ডাকাতিয়া নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণে নিজ খরচে কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়ছে বলে স্থানীয়রা মনে করছেন।

অন্যদিকে, সাম্প্রতিক বৃষ্টিপাতের পর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পানি ও কাদার কারণে জনদুর্ভোগ বেড়ে গেলে তিনি নিজ উদ্যোগে সেখানে ইটের কণা ফেলে চলাচলের উপযোগী করে তোলেন। ফলে সাধারণ পথচারী ও যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে আসে।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক রাজা বলেন, আমার একার পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি আমার সাধ্যমতো কিছু কাজ করে দেখাতে চাই, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং দ্রুত স্থায়ী সমাধান নেওয়া হয়।

ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা আব্দুল্লাহ আল নোমান বলেন, দীর্ঘদিন ধরে আমরা এসব সমস্যায় ভুগছিলাম। কেউ উদ্যোগ নেয়নি।আব্দুর রাজ্জাক রাজা ভাই নিজের খরচে কাজ করে দেখিয়েছেন এটা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে স্থায়ী সমাধান করুক।

প্রতিবেদকের মতে ব্যক্তি উদ্যোগে এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা দেয়। যেখানে অনেক সময় ছোট ছোট সমস্যাগুলো দীর্ঘদিন অমীমাংসিত থেকে যায়, সেখানে আব্দুর রাজ্জাক রাজার মতো উদ্যোগী মানুষদের প্রচেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে অনুপ্রাণিত করতে পারে। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ কেবল সাময়িক সমাধানেই সীমাবদ্ধ না থেকে দ্রুতই টেকসই উন্নয়নের মাধ্যমে স্থায়ী রূপ পাবে।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!