ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় আম পাড়া শুরু, ৭০ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | মে ৫, ২০২৬, ০৮:১৪ পিএম সাতক্ষীরায় আম পাড়া শুরু, ৭০ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা

সাতক্ষীরায় চলতি বছরের আম মৌসুমের শুরুতেই জমে উঠেছে বাগান ও বাজার। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার (৫ মে) থেকে গোবিন্দভোগ ও গোপালভোগসহ স্থানীয় জাতের আম পাড়া ও বাজারজাতকরণ শুরু হয়েছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় প্রায় ৩২০টি আম বাগানে প্রায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম পাড়া শুরু হবে। এতে করে ধাপে ধাপে বাজারে বিভিন্ন জাতের সুস্বাদু আম সরবরাহ নিশ্চিত হবে।

এদিকে, অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণ বন্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একইসঙ্গে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি অভিযানে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে অপরিপক্ক ও কেমিক্যালযুক্ত আম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মৌসুমের শুরুতেই বাজারে উঠতে শুরু করেছে সবুজ, টাটকা ও সুস্বাদু গোবিন্দভোগ আম, যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। কৃষক ও ব্যবসায়ীরা আশা করছেন, এ বছর আমের দাম ভালো থাকবে এবং তারা ন্যায্য মূল্য পাবেন। সাতক্ষীরার আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!