ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

‎যারা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চায় তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার ‎--আবু ওয়াহাব আকন্দ

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | মে ১৬, ২০২৬, ০৮:০৮ পিএম ‎যারা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চায় তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার ‎--আবু ওয়াহাব আকন্দ

‎ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার খেলাধুলাকে আরও গুরুত্ব দিয়ে পাঠ্যবইয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণি থেকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। ভবিষ্যতে যারা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চায়, তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার।

‎আজ (শনিবার) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রী আমিনুল হককে সঙ্গে নিয়ে ময়মনসিংহে বিকেএসপি ও স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করে প্রস্তাব জমা দিয়েছেন। পর্যায়ক্রমে ময়মনসিংহে বিকেএসপি ও স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করা হবে। ময়মনসিংহ অঞ্চলের খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

‎বক্তব্যে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, শিশু খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের খাবার, পোশাক ও যাতায়াতের বিষয়ে বিশেষ নজর দিতে হবে। শিশুদের উন্নয়ন ও খেলাধুলার বিকাশে সবাই মিলে কাজ করার আশ্বাস দেন তিনি। শেষে প্রধান অতিথি জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

‎ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এবং প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) তাহমিনা খাতুন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!