ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে ২৫ হারানো মোবাইল ফোন উদ্ধার

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মে ১৮, ২০২৬, ০৩:০৬ পিএম জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে ২৫ হারানো মোবাইল ফোন উদ্ধার

পিরোজপুরে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) যাচাই-বাছাই করে দেশের বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে মঠবাড়িয়া থানা এলাকায় সর্বাধিক ১০টি, নাজিরপুরে ৮টি, জিয়ানগরে ৩টি, নেছারাবাদে ২টি এবং পিরোজপুর সদর ও ভান্ডারিয়া থানায় ১টি করে মোবাইল ফোন রয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংকেন্দ্রিক অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের সাইবার টিম নিয়মিত কাজ করছে। তিনি সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রতারণা বা মোবাইল হারানোর ঘটনায় দ্রুত থানায় সাধারণ ডায়েরি করলে প্রযুক্তির সহায়তায় অনেক ক্ষেত্রেই মোবাইল উদ্ধার সম্ভব হয়।

এসময় জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা আইসিটি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!