গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া-ভাটরা গ্রামের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে বেজড়া-ভাটরা খেলার মাঠে কোটালীপাড়া একাদশ ও কাউনিয়া একাদশের মধ্যকার এ জমজমাট ফাইনাল খেলা উপভোগ করতে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, "যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন,
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলী খান, হাবিবুল্লাহ মুন্সি লিটু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে কাউনিয়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে কোটালীপাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্থানীয়রা জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ ধরনের আয়োজন শুধু বিনোদনের ক্ষেত্রই তৈরি করে না, বরং সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কালের সমাজ/কে.পি

