ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

নবীনগর ইসলামী ব্যাংকে নজিরবিহীন পরিস্থিতি

নবীনগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুন ১৫, ২০২৬, ০২:০৬ পিএম নবীনগর ইসলামী ব্যাংকে নজিরবিহীন পরিস্থিতি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ সকাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবীনগর শাখায় সৃষ্টি হয়েছে এক নজিরবিহীন পরিস্থিতি। গ্রাহকদের উপচে পড়া ভিড়ের কারণে ব্যাংক প্রাঙ্গণে দেখা দিয়েছে চরম ভোগান্তি ও উদ্বেগ।

অনেক গ্রাহক অভিযোগ করেন- তাদের প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলন করতে না পেরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। কেউ কেউ জরুরি প্রয়োজনে টাকা তুলতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
ইসলামী ব্যাংক পিএলসি ঘিরে নতুন করে তৈরি হয়েছে তারল্য সংকট জনিত অনিশ্চয়তা। কয়েক দিনের ব্যবধানে গ্রাহকদের বড় অঙ্কের আমানত উত্তোলনের চাপ, এটিএমে নগদ সংকট এবং কিছু শাখায় সীমিত লেনদেনের কারণে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

‎সারা দেশের ন্যায় ইসলামী ব্যাংক পিএলসি নবীনগর শাখার গ্রাহকেরা ও টাকা তুলতে এসে চরম ভোগান্তিতে পড়েছে। ভ্যাপসা গরমে প্রচন্ড ভীড় তার উপর চাহিদা মতো অর্থ তুলতে না পারায় ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েকগুন।

‎আজ সকালে ব্যাংকে গিয়ে দেখা যায়- বড় অঙ্কের চেকের বিপরীতে সীমিত পরিমাণ অর্থ প্রদান, আবার লেনদেনে ও বিলম্বের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গ্রাহকেরা।

‎এ পরিস্থিতিতে নগদ অর্থ উত্তোলন, এটিএম বুথে টাকা না পাওয়া এবং কিছু ক্ষেত্রে আরটিজিএস সেবা সীমিত থাকার অভিযোগও পাওয়া যায়।

‎তবে ইসলামী ব্যাংক নবীনগর শাখা থেকে জানানো হয়-"গ্রাহকদের আমানত সুরক্ষিত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি চলছে।"

গ্রাহকদের প্রত্যাশা- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে যেন পরিস্থিতি স্বাভাবিক করে এবং আমানতকারীদের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

কালের সমাজ/এসআর

Link copied!